নোয়াখালী-৬ এমপি আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার অভিযোগ এনসিপি আহ্বায়কের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে বিএনপি ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিলেমিশে হামলা চালিয়েছে।

বুধবার রাতে নাহিদ ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আজ দুপুরে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় যান। এই সময় তার ওপর অতর্কিত হামলা চালায় স্থানীয় বিএনপির সন্ত্রাসীরা, যার সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের পুনর্বাসিত গুণ্ডা বাহিনী। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। নাহিদ ইসলাম এক নির্বাচিত সংসদ সদস্যের ওপর এ হামলার তীব্র নিন্দা জানান।

তিনি আরও অভিযোগ করেন, ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেননি। এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, একজন সংসদ সদস্যকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক এবং সরকারের আইনশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি অকার্যকর প্রমাণিত হলো।

নাহিদ ইসলাম দাবি করেন, নির্বাচনের পর থেকে হাতিয়ায় হওয়া প্রত্যেক হামলার তদন্ত করা হবে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।