বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনে ‘মব-কালচার’ শঙ্কা, মুখ খুললেন জামায়াত আমির

হঠাৎ করেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন। ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে তার স্থলে পোশাক ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এবার এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami)-এর আমির ও সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার ভাষায়, বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকার সমর্থিত ‘মব-কালচার’-এর আনুষ্ঠানিক সূচনা বলেই মনে হচ্ছে। এটিকে তিনি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দেন।

ডা. শফিকুর রহমান লেখেন, বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)-এর গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারো নেই। তিনি ইঙ্গিত করেন, এ ধরনের আচরণ শুধু ব্যক্তির প্রতি নয়, প্রতিষ্ঠানের মর্যাদার প্রতিও আঘাত।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে ইতোমধ্যেই চরম দুরবস্থা তৈরি হয়েছে। সর্বস্তরে দু’\র্নীতির মহামারি, সঙ্গে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেটের প্রভাব। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের একটিতে যদি অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড চলতে থাকে, তবে অর্থনীতির অবশিষ্ট অংশও ধ্বংসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির মনে করেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। তার দাবি, ইতোমধ্যেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা দক্ষ, দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিন নানা উৎপাতের খবর পাওয়া যাচ্ছে।

সরকারের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে তিনি লেখেন, সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একইসঙ্গে দলীয় আনুগত্য নয়, বরং যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।