ট্রাম্পের দাবি: মুসলিম কংগ্রেস সদস্যদের দেশ থেকে বের করা হোক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) দুই মুসলিম কংগ্রেস সদস্য—রাশিদা তালিব ও ইলহান ওমর—কে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনা ঘটে তার ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সময়, যখন দুজন কংগ্রেস সদস্য চিৎকার করে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছিলেন। খবর মিডল ইস্ট মনিটর-এর।

ট্রাম্প পরে তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘মানুষ যখন এমন আচরণ করতে পারে এবং জানা যায় যে তারা কুটিল ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, আমাদের দেশের জন্য ক্ষতিকর, তখন আমাদের উচিত তারা যেখান থেকে এসেছেন, সেখানে দ্রুত ফেরত পাঠানো।’

ইলহান ওমর সোমালিয়ায় জন্মগ্রহণ করলেও তিন দশকেরও বেশি সময় ধরে মার্কিন নাগরিক। অন্যদিকে, ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ জন্মসূত্রে মার্কিন নাগরিক। তাঁদের কাউকেই তাদের পূর্বপুরুষের দেশে পাঠানোর কোনো আইনগত সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের যৌথ অধিবেশনে ট্রাম্প ভাষণ দিচ্ছিলেন। এ সময় এই দুই কংগ্রেস সদস্য বারবার তাঁর বক্তব্যের প্রতিবাদ জানান। হাউস চেম্বার থেকে বের হওয়ার সময় তারা চিৎকার করে বলেন, ‘আপনি আমেরিকানদের হত্যা করেছেন!’