বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET)-এ গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর রাজনৈতিক কর্মকাণ্ড পালনের অভিযোগ তুলেছেন ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। অভিযোগের মধ্যে বলা হয়েছে, তিনি বুয়েটে তারাবির নামাজে অংশ নেওয়ার সময় রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আবরার ফাইয়াজ লিখেছেন, ‘বুয়েটের আজকের এই ছাত্র-রাজনীতিমুক্ত ক্যাম্পাস দুইটা জীবনের বিনিময়ে পাওয়া, শত শত পোলাপানের শ্রমের ফল। আমি জানি না নাসিরুদ্দিন পাটোয়ারী ভাই জানতেন কিনা যে বুয়েট এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের জায়গা না।’ তিনি আরও বলেন, ‘নামাজ পড়া সমস্যা নয়, কিন্তু নামাজের পরে স্লোগান বা মিছিল দেশের যে কোনো মসজিদে দিয়ে দেওয়া যেতে পারে।’
অভিযোগের প্রেক্ষিতে ফেসবুকে জবাব দিয়েছেন নাসিরুদ্দিন। তিনি লিখেছেন, ‘আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর কয়েকজন ভাইয়ের আমন্ত্রণে সেখানে তারাবির নামাজ আদায় করতে যাই। নামাজে যাওয়ার পর একজন এসে জানান, অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো বক্তব্য দেওয়া যাবে না। আমি সঙ্গে সঙ্গে তা মেনে নিয়ে বলি, তারাবির নামাজ আদায় করে চলে যাব।’
তিনি আরও জানিয়েছেন, ‘নামাজ শেষে বের হওয়ার সময় আমাকে কিছু না বলার জন্য স্মরণ করানো হয় এবং মিডিয়া ব্রিফিং না করার অনুরোধ জানানো হয়। আমি তা সম্মানের সাথে গ্রহণ করি। সেখানে আমি শুধু শহীদ আবরার ফাহাদ এবং শহীদ ৫৭ সেনা কর্মকর্তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করি। পরবর্তীতে পলাশীতে এসে প্রেস ব্রিফিং করি এবং সবার সঙ্গে কথা বলি। এ সময় কয়েকজন ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিলে আমি নিজেই তাদের থামিয়ে দেই।’
নাসিরুদ্দিনের ভাষ্য, ‘অরাজনৈতিক বুয়েটের সিদ্ধান্তকে আমি সর্বোচ্চ সম্মান করি এবং আমার কর্মকাণ্ডের মাধ্যমে তা প্রমাণ করার চেষ্টা করেছি। শুনলাম আমার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হবে, স্বাগতম। ওপরে বর্ণিত কাজগুলো যদি অপরাধ হয়ে থাকে, তবে আপনারা শাস্তি দিতে পারেন। আমার শির আপনাদের আদালতে নত। সবাই দোয়ায় রাখবেন। মা’আসসালাম।’


