কক্সবাজারের চকরিয়ায় নিখোঁজের একদিন পর ফরিদুল আলম (৩৫) নামের এক ব্যবসায়ীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে পৌরশহরের চিরিঙ্গাস্থ মাতামুহুরী সেতুর নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী ফরিদুল আলম চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গা মিয়াজি পাড়ার মৃত মোস্তাক আহমদের ছেলে। পরিবার সূত্র জানায়, বুধবার বিকেল চারটার দিকে তিনি চকরিয়া পৌরসভার বায়তুশ শরফ রোড এলাকা থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরিস্থিতির অবনতি হলে ভুক্তভোগীর স্ত্রী চকরিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। এদিকে বিষয়টি জানাজানি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)।
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেসসচিব ছফওয়ানুল করিম গণমাধ্যমকে জানান, মন্ত্রীর নির্দেশে কয়েক ঘণ্টার মধ্যেই চকরিয়া বায়তুশ শরফ রোড এলাকা থেকে অপহৃত ব্যবসায়ী ফরিদুল আলমকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারের পর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (Chattogram Medical College Hospital)-এ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় ব্যবসায়ী ফরিদুল আলমকে দ্রুত উদ্ধারের বিষয়টি তদারকি করেছেন। পুলিশও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

