ঢাকায় আসতে চান শাহবাজ শরিফ, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ইচ্ছা

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঢাকায় আসতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে চান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে ইসহাক দার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার পূর্বের সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং ঢাকায় সফরে আসতে চান।

ইসহাক দার আরও উল্লেখ করেন, নতুন সরকারের অধীনে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে বলে তারা আশাবাদী। পাশাপাশি তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন।

ওআইসির বৈঠকের ফাঁকে অনুষ্ঠিত এই সাক্ষাৎ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন গতি সঞ্চার করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।