ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ভারতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং ভারতীয় হাইকমিশনারও সাক্ষাৎ করেছেন। ‘তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যাতে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং বাংলাদেশের নাগরিকরা ভ্রমণ করতে পারেন। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে,’ বলেন তিনি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে এ সময় ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রতিমন্ত্রী বলেন, ‘আমি মন্ত্রী বা এমপি হিসেবে এখানে আসিনি; আপনাদের বোন ও সন্তান হিসেবে এসেছি। সবসময় আপনাদের পাশে আছি।’
তিনি আরও বলেন, নতুন সরকার গঠনের পরও জনগণের পাশে থাকার দায়িত্ব অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় সহায়তার পরিমাণ আরও বাড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়ির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
