অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের ভেতরে এবং বাইরের বিনিয়োগ বাড়ানোই ট্যাক্স বৃদ্ধির একমাত্র পথ। তিনি বলেন, “বিনিয়োগ না হলে কর্মসংস্থানের সুযোগ কোথা থেকে আসবে?” তাই দেশি-বিদেশি বিনিয়োগের ওপর সরকার জোর দিচ্ছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা মেরিন ড্রাইভ এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের জন্য জায়গা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, স্বাস্থ্য খাতেও বিনিয়োগ বাড়ানো হবে এবং কর্মসংস্থান দিয়েই নতুন উদ্যোগ শুরু হবে।
মন্ত্রী বলেন, “একটা বড় হাসপাতাল করা হবে। ওই হাসপাতালের সঙ্গে নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য আরও একটি ইনস্টিটিউট থাকবে। চট্টগ্রামের এই অঞ্চলের মানুষের এটা দীর্ঘদিনের দাবি ছিল। আমরা সুবিধাজনক বড় জায়গা খুঁজছি, আরও কিছু জায়গা যাচাই করা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল নির্মাণ শুরু করতে চাই।”
পরিদর্শনকালে মন্ত্রী নৌবাহিনীর অধিগ্রহণকৃত মোট ১৪ দশমিক ২১৯০ একর এবং অতিরিক্ত ২ দশমিক ৭ একর জমি ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা জানান, হাসপাতাল বাস্তবায়ন হলে পতেঙ্গা, জেলে পাড়া ও আশপাশের উপকূলীয় এলাকার মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী ও সম্প্রসারণ লাভ করবে।
জানা গেছে, বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২-এর পশ্চিম পার্শ্বে অবস্থিত মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমিতে হাসপাতাল নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। এই সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, আশপাশের অবকাঠামো সুবিধা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন।
পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মঈনুল হাসান মন্ত্রীকে বিস্তারিত তথ্য দেন। এছাড়া অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি, জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
