কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা আমির হামজা বলেছেন, শুধুমাত্র কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য সম্প্রতি তিন দিনের মধ্যে তাকে প্রায় ৫০ কোটি টাকার প্রস্তাব এসেছে। তবে তিনি স্পষ্ট করেছেন, “৫০ কোটি কেন, ১০০ কোটি, এমনকি কুষ্টিয়া লিখে দিলেও আমি আমার জায়গা থেকে একচুল নড়বো না।”
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও সতর্ক করেছেন, আত্মীয় পরিচয় বা দলীয় পরিচয়ে কেউ যদি তার নামে কোনো কার্যক্রম চালানোর চেষ্টা করে, তা তিনি খুঁজে বের করবেন। তিনি বলেন, “জায়েজ বাদ দিয়ে নাজায়েজ কোনো পথে আমরা যেতে চাই না। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।”
আমির হামজা বলেন, সব অন্যায় ও হারাম কাজ বাদ দিয়ে অন্তত বৈধ পথে চলা উচিত। “একটা মানুষের চলতে খুব বেশিকিছু লাগে না। আপনারা যারা শ্রমিক অল্পতেই তুষ্ট হন, তাদের জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। যাদের আহামরি কিছু লাগে, তারা অন্য জায়গায় করবেন। আমরা চেষ্টা চালাব সঠিক থাকার।”
সভায় বক্তব্য দেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শহিদুল ইসলামসহ অনেকে।
