তামিল তারকা থালাপতি বিজয়ের দাম্পত্য জীবনে সংকট, স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়–এর ২৫ বছরের দাম্পত্য জীবনে ভাঙন দেখা দিয়েছে। তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন করে আদালতের দ্বারস্থ হয়েছেন, অভিযোগে উল্লেখ করা হয়েছে পরকীয়ার জড়িত থাকার কথা। বিষয়টি প্রকাশ্যে আসতেই তামিল চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, সঙ্গীতা জেলা আদালতে দায়ের করা আবেদনে জানিয়েছেন—বিজয় এক সহ-অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিলেন। ২০২১ সালে প্রথম এই সম্পর্কের বিষয় জানতে পেরেছিলেন তিনি। পরবর্তীতে একাধিকবার আশ্বাস দিলেও সম্পর্কের অবসান হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিশেষ বিবাহ আইন, ১৯৫৪-এর ২৭(১)(ক) ও ২৭(১)(ঘ) ধারার আওতায় ব্যভিচার ও নিষ্ঠুরতার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করা হয়েছে। এই আবেদন বর্তমানে জেলা আদালতে বিচারাধীন।

বিজয় ও সঙ্গীতার বিয়ে হয় ১৯৯৯ সালের ২৫ আগস্ট, হিন্দু ও খ্রিস্টান ধর্মীয় রীতির সমন্বয়ে। দম্পতির দুই সন্তান—জেসন সঞ্জয় ও দিব্যা শাশা।

জনপ্রিয় তারকা ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ব্যক্তিত্ব হিসেবে বিজয়ের ব্যক্তিগত জীবনের এই সংকট ঘিরে ভক্ত, চলচ্চিত্র সংশ্লিষ্ট এবং রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। আদালতের পরবর্তী শুনানি ও রায়ের দিকে এখন সবার নজর রয়েছে।