সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, নৌ ও রেলপথে সরকার সব ধরনের ব্যবস্থা নেবে। অবৈধভাবে টোল আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর নন্দীপাড়া ব্রিজ এলাকায় জিরানি খাল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ইতোমধ্যে সড়কে চাঁদাবাজি বন্ধে আলটিমেটাম দেওয়া হয়েছে। বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এবং পরিবহন ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলা হয়েছে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, যারা এসবের সঙ্গে জড়িত থাকবে তাদের কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ঈদুল ফিতরে দেশের মানুষ যেন নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছাতে পারে সে লক্ষ্যে সরকার ইতোমধ্যেই ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তিনি আরও বলেন, সরকার শিগগিরই এলাকাভিত্তিক অবৈধ দখলে থাকা খাল ও জলাশয় উদ্ধারে কাজ শুরু করবে। ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধ খাল চিহ্নিত করে পানি প্রবাহ সচল করার জন্য খনন কাজও শুরু হবে।

