পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাত থামাতে ওয়াশিংটনের মধ্যস্থতা বা হস্তক্ষেপের সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান তুলে ধরেন।
ট্রাম্প জোর দিয়ে বলেন, পাকিস্তানের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্ক’ রয়েছে। তিনি মন্তব্য করেন, “পাকিস্তানের একজন চমৎকার প্রধানমন্ত্রী এবং জেনারেল আছেন। তারা দুজন এমন ব্যক্তি, যাদের আমি সম্মান করি।” তাঁর বক্তব্যে স্পষ্ট, ইসলামাবাদের বর্তমান নেতৃত্বের সঙ্গে ব্যক্তিগত ও কূটনৈতিক সম্পর্ককে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একজন মুখপাত্র দাবি করেছেন, দেশটির সামরিক অভিযানে আফগানিস্তানের ২৯৭ জন সেনাসদস্য নিহত হয়েছেন। পাশাপাশি ৮৯টি সেনা চৌকি এবং ১৩৫টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়েছে। অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানের ২৯টি স্থানে হামলা চালানো হয়েছে বলে দাবি ইসলামাবাদের।
সংঘাত ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্বেগও বাড়ছে। বিভিন্ন দেশ ইতোমধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতি উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। তবে ওয়াশিংটন সরাসরি মধ্যস্থতায় নামবে না—প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যে কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে।


