যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালেই ইরানে ইসরাইলের হামলা, তেহরানে বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটেই ইরানে সামরিক হামলা চালিয়েছে ইসরাইল। শনিবার দেশটির বিভিন্ন স্থানে এই হামলা হয়। রোববার সকালে রাজধানী তেহরানের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন এলাকায় ধোঁয়া উড়তে দেখা গেছে বলে জানিয়েছে আল জাজিরা (Al Jazeera)।

বার্তা সংস্থা ফার্স (Fars News Agency) জানায়, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। স্থানীয় বাসিন্দারা জানান, ভোরের দিকে হঠাৎ বিস্ফোরণের তীব্র শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ (Israel Katz) বলেছেন, এই হামলার লক্ষ্য তেলআবিবের ওপর যে কোনো হুমকি দূর করা। তার ভাষ্য, ইসরাইলের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তারা প্রস্তুত।

অন্যদিকে, পাল্টা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইসরাইল। সামরিক বাহিনী জানিয়েছে, প্রয়োজন ছাড়া সব ধরনের শিক্ষামূলক কার্যক্রম, জনসমাবেশ ও অন্যান্য কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে।

এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই এমন পদক্ষেপ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়াবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।