ইসরাইলি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরান (Iran)-এ ইন্টারনেট সেবা কঠোরভাবে সীমিত করা হয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস (NetBlocks) জানিয়েছে, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রেক্ষাপটে দেশজুড়ে ইন্টারনেটের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী, নেটওয়ার্ক ডেটা পর্যবেক্ষণে দেখা যাচ্ছে—ইরানে কার্যত সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন চলছে। স্বাভাবিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে দেশটির ভেতর ও বাইরের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নেটব্লকস আরও জানায়, গত বছর ইসরায়েলি হামলার সময় যেভাবে ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছিল, এবারের পরিস্থিতিও প্রায় একই রকম। সেই অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে তারা ধারণা করছে, এটি পরিকল্পিত ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সংযোগ বিচ্ছিন্নকরণ।
যৌথ হামলার পর নিরাপত্তা পরিস্থিতি ও তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণের প্রশ্নে ইরানে যে কড়াকড়ি আরোপ করা হয়েছে, তা আঞ্চলিক উত্তেজনার মধ্যেই নতুন মাত্রা যোগ করেছে।


