মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল-আমেরিকা সংঘাতের উত্তেজনার মধ্যেই ওমরাহ্ পালন করতে গিয়ে আটকা পড়েছিলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। অবশেষে সব অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নিরাপদে দেশে ফিরেছেন তিনি। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই উইকেটকিপার-ব্যাটার। মুশফিকের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে দৈনিক আমার দেশ।
এর আগে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে আকাশপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েন তিনি। ওমরাহ্ শেষে সৌদি আরব থেকে দুবাই হয়ে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তার। কিন্তু দুবাই পৌঁছানোর পর ফ্লাইটটি আবার জেদ্দায় ফেরত পাঠানো হয়। ফলে সৌদিতেই অবস্থান করতে বাধ্য হন তিনি। পরিস্থিতি দ্রুতই উদ্বেগ তৈরি করে ভক্ত-সমর্থকদের মধ্যে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থার কথা জানিয়ে মুশফিক লিখেছিলেন, ‘আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি ওমরাহ হজ পালনের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটসের ফ্লাইটে দুবাই হয়ে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে EK 0806 ফ্লাইটে রওনা হয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে অবস্থান করছি। কেবল মহান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা ঢাকাসহ অন্যান্য গন্তব্যে পৌঁছাতে পারব, বিশেষ করে আমরা বাংলাদেশিরা। সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
তার এই বার্তায় স্পষ্ট হয়ে ওঠে পরিস্থিতির অনিশ্চয়তা এবং অপেক্ষার প্রহর। তবে রোববার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন পোস্ট দিয়ে স্বস্তির খবর দেন তিনি। দেশে ফেরার বিমানে উঠে মুশফিক লেখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নিরাপদে বিমানে চড়েছি। ইনশাআল্লাহ আগামীকাল সকালে ঢাকায় নামব। ধন্যবাদ তাদেরকে যারা গত ২৪ ঘণ্টায় আমার সাথে অনবরত যোগাযোগ করেছেন এবং অনেক দোয়া পাঠিয়েছেন। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিন।’
মুশফিকের দেশে ফেরা নিয়ে শঙ্কা দেখা দিলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক (Aminul Haque) বিষয়টি ব্যক্তিগতভাবে তদারকির কথা জানান। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সাথে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সাথে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।’
সব মিলিয়ে যুদ্ধ পরিস্থিতিজনিত অনিশ্চয়তা, বিমান চলাচলে বিঘ্ন এবং দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভক্তরা। নিরাপদে দেশে ফিরলেন জাতীয় দলের এই নির্ভরযোগ্য তারকা ক্রিকেটার।
