মানুষের দৈনন্দিন দুর্ভোগ কমাতে গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেট্রোরেলের পাশাপাশি রাজধানীতে মনোরেল চালুর আগ্রহের কথাও তিনি জানিয়েছেন। একইসঙ্গে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষায়িত বাস চালুর নির্দেশনাও দিয়েছেন তিনি।
সোমবার (০২ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বুয়েট অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গণপরিবহন ব্যবস্থাকে সময়োপযোগী ও কার্যকর করতে সরকার নতুন উদ্যোগ বিবেচনায় নিচ্ছে।
সকাল ৯টার কিছুক্ষণ পর মন্ত্রিপরিষদ বিভাগে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর থেকেই তিনি একের পর এক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সিনিয়র মন্ত্রীদের সঙ্গে আলাদা বৈঠকসহ ব্যস্ত সময় পার করছেন তিনি।
সকালে তার বৈঠক হয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলমের সঙ্গে। বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. এম শামসুল হক। বৈঠক শেষে তিনি বলেন, গণপরিবহন আধুনিকায়ন ও নগরবাসীর দুর্ভোগ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর সম্ভাব্যতা ও সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
নারী যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বিশেষায়িত গণপরিবহন চালুর বিষয়েও আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে রাজধানীতে বিদ্যুৎচালিত বিশেষ বাস নামানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান এম শামসুল হক।
এছাড়া ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়েও আলোচনা হয়েছে। নগরীর ওপর চাপ কমাতে বিকল্প উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়েও মতবিনিময় হয় বৈঠকে।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, স্থানীয় সরকারমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে বলেও জানা গেছে।
