২৬ বছরের দাম্পত্যে ভাঙন? বিজয়–সঙ্গীতার সম্পর্কে আইনি বিচ্ছেদের আবেদন, তৃষা-জল্পনায় সরগরম তামিলনাড়ু

দক্ষিণী সুপারস্টার বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের খবরে তোলপাড় বিনোদন দুনিয়া। দীর্ঘ সম্পর্কের পর ১৯৯৯ সালে সঙ্গীতা সোরনালিগমকে বিয়ে করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। তবে এবার শোনা যাচ্ছে, তাঁর স্ত্রী আইনি বিচ্ছেদের আবেদন করেছেন।

অভিযোগ উঠেছে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। যদিও এ বিষয়ে সরাসরি কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, বিভিন্ন সূত্র দাবি করছে—এই সম্পর্কের জেরেই বিচ্ছেদের পথে হাঁটছেন সঙ্গীতা।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে রাজনীতিতেও সক্রিয় বিজয়। তিনি নতুন রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে)’–এর প্রতিষ্ঠাতা। ফলে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন শুধু বিনোদন জগতেই নয়, রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তামিলনাড়ুতে নির্বাচন সামনে থাকায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

দক্ষিণী চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় এই তারকার ব্যক্তিগত জীবনের অস্থিরতার খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তাঁর পাশে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ সামাজিক মাধ্যমে সমালোচনাও করছেন।

জানা গেছে, বিচ্ছেদ সংক্রান্ত মামলাটি ইতিমধ্যে আদালতে উঠেছে। আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় ২৬ বছরের সংসারে বিজয় ও সঙ্গীতার দুই সন্তান রয়েছে। ব্যক্তিগত জীবনের সংকটের মাঝেও রাজনীতিতে সক্রিয় থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন তিনি। বিজয়ের ভাষায়, ভক্তদের ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি, আর ভবিষ্যতে তাঁদের জন্য কাজ করেই যেতে চান।