রাডারে সন্দেহজনক বস্তু শনাক্ত, পাফোস বিমানবন্দরের যাত্রী টার্মিনাল খালি

রাডারে সন্দেহজনক একটি বস্তু শনাক্ত হওয়ার পর সাইপ্রাসের পশ্চিম উপকূলে অবস্থিত পাফোস বিমানবন্দরের যাত্রী টার্মিনাল খালি করে দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর প্রকাশ করেছে মিডল ইস্ট আই।

দ্বীপ রাষ্ট্র সাইপ্রাস প্রজাতন্ত্রের নিয়ন্ত্রিত অঞ্চলে অবস্থিত পাফোস বিমানবন্দর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এটি ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) আকরোতিরি ঘাঁটি থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) দূরে অবস্থিত। সামরিক ও বেসামরিক উভয় দিক থেকেই এ অঞ্চলটির গুরুত্ব রয়েছে বলে বিশ্লেষকদের ধারণা।

এর আগে রাতের বেলায় আকরোতিরি ঘাঁটিতে একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। সোমবার স্থানীয় সময় দুপুরের কিছু পর, প্রায় ১০০০ জিএমটি’র দিকে, ব্রিটিশ ঘাঁটিতে সাইরেন বেজে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখান থেকে যুদ্ধবিমান উড্ডয়ন করতে দেখা যায়, যা পরিস্থিতির গুরুত্বই ইঙ্গিত করে।

রাডারে শনাক্ত হওয়া সন্দেহজনক বস্তুটি কী ছিল—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে বিমানবন্দরের যাত্রী টার্মিনাল খালি করার সিদ্ধান্ত নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ থেকেই নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।