ময়মনসিংহের ভালুকাতে রোববার বিকালে দাফন করা অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু নিয়ে সমালোচনা ও প্রশ্নের মুখে পড়েছেন আলভী। সোমবার সন্ধ্যার পর নিজের ফেসবুকে প্রায় আধ ঘণ্টার একটি ভিডিও পোস্ট করে তিনি নেটিজেনদের প্রশ্নের উত্তর দেন এবং দেশে না আসার কারণ ব্যাখ্যা করেন।
ভিডিওতে আলভী বলেন, “আপনারা কথার একটা পাতা পড়ে বিচার করছেন, অন্যপাশ দেখছেন না। আমি দেশে আসলে আমার উপর মব তৈরি হবে, হুমকি থাকবে, আমাকে টেনে ছিঁড়ে ফেলা হবে। আমার সন্তান রিজিকের কথা ভাবতেই আমি দেশে আসতে পারিনি। ইকরার শেষ মুখ দেখার সুযোগও পাইনি। ১৬ বছর সংসার করেছি, তাকে ভালোবেসেছি, কিন্তু শেষবারের মতো তার চেহারা দেখতেও আমাকে সুযোগ দেয়নি পরিস্থিতি।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় ইকরা আত্মহত্যা করেন। আলভী তখন নেপালে নাটকের শুটিংয়ে ছিলেন। ঘটনার ঘণ্টা দুয়েকের মধ্যেই ফেসবুকে তিনি আবেগঘন প্রতিক্রিয়া দেন।
তিনি আরও অনুরোধ করেন, গণমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীরা যেন তার এবং সন্তানের মানসিক স্বস্তির জন্য বিভ্রান্তিকর তথ্য না ছড়ান।
তবে ইকরার পরিবার আলভীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, অন্য একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে দাম্পত্য কলহ সৃষ্টি হয়েছিল। এরপর ইকরার পরিবার আলভী ও তার সহযোগী কিছু ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এই ঘটনায় সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে, এবং নেটিজেনদের মধ্যে উত্তেজনা ও সমালোচনা চলছে।
