‘ব্যক্তিগত আক্রমণ নয়, চরিত্রের প্রয়োজনেই করেছি’—অভিযোগের জবাবে তানজিন তিশা

অভিনেত্রী তানজিন তিশা (Tanzin Tisha)-র বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তার সহশিল্পী সামিয়া অথৈ (Samia Othoi)। অথৈর দাবি, তিশা তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করেছেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেছেন। অভিযোগ প্রকাশ্যে আসার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিশা নিজেই।

তিশার ভাষ্য, এটি কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না; যা হয়েছে, তা সম্পূর্ণ চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী। অথৈর এমন অভিযোগকে তিনি ‘ভুল বোঝাবুঝি’ এবং ‘অপেশাদার আচরণ’ বলেও উল্লেখ করেছেন। তার দাবি, শুটিং সেটে যা ঘটেছে তা স্ক্রিপ্টের অংশ হিসেবেই ঘটেছে।

তানজিন তিশা বলেন, মূলত চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্টের খাতিরেই তাকে আক্রমণাত্মক হতে হয়েছে। অভিযোগ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন, ‘আমি পুরোপুরি আমার চরিত্রটি ফুটিয়ে তুলছিলাম। আমি এমন একটি চরিত্র করছি যেখানে আমি একজন স্পেশাল চাইল্ড বা অটিস্টিক।’

তিনি আরও বলেন, চরিত্রের প্রয়োজনে তাকে মানুষকে মারতে হতে পারে, কামড় দিতে হতে পারে, এমনকি পানিতে চুবিয়েও ধরতে হতে পারে। দর্শকদের উদ্দেশে তিশা মন্তব্য করেন, ‘আপনারা ১৫ থেকে ২০ দিন পরই কাজটি দেখতে পারবেন। তখন বুঝতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

অভিযোগের প্রেক্ষাপটে লাইভে আসার বিষয়েও তিনি কথা বলেন। তিশার বক্তব্য, ‘সে এমনভাবে লাইভ করেছে যেন আমি তাকে পারসোনালি অ্যাটাক করেছি। এখানে পারসোনালি অ্যাটাকের কিছুই নেই, তার বুঝতে ভুল হয়েছে। আমি যতটুকু করেছি, আমার চরিত্রের প্রয়োজনে করেছি।’

তিনি জোর দিয়ে বলেন, ‘যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকুই করেছি। আমি চরিত্রের বাইরে কিছুই করিনি। এটা তার দুর্বলতা যে প্রফেশনাল সমস্যাটাকে ব্যক্তিগত সমস্যা হিসেবে নিয়েছে।’

তিশার ভাষ্য অনুযায়ী, তাকে নিয়ে যে অভিযোগ ও মন্তব্য ছড়ানো হয়েছে, তা পুরোপুরি একটি ব্যক্তিগত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। ঘটনাটি এখন শোবিজ অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।