চলতি বছরের জুন-জুলাইয়ে পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ হিসেবে পরিচিত ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবারের আয়োজক দেশ তিনটি—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কের উত্তেজনা থাকলেও ইরানের সব ম্যাচ ফিক্সচার অনুযায়ী যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা।
ফলে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তা আরও প্রকট হয়ে উঠেছে, দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার পর। ইরানও পাল্টা হামলা চালাচ্ছে। এর মধ্যেই, নিজেদের এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে টুর্নামেন্টের মূলপর্ব নিশ্চিত করেছিল ইরান। তাদের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে। যদিও আগে থেকেই ইরানি নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে ভিসা নিষেধাজ্ঞা এবং বিভিন্ন সীমাবদ্ধতা আরোপিত ছিল।
চলমান সংঘাতের মধ্যে মঙ্গলবার (৩ মার্চ) ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-কে প্রশ্ন করা হয়। তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি মোটেও পরোয়া করি না। আমার মতে, ইরান খুব বাজেভাবে পরাজিত দেশ। তারা ধোঁয়ায় উড়ছে।’
মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের মন্তব্য ফিফার ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক। ফিফা বিশ্বকাপের প্রতিযোগী প্রতিটি দেশ, খেলোয়াড়-স্টাফ এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেছে। বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিতে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ হোয়াইট হাউজের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ টাস্কফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি (Andrew Giuliani) বলেন, ‘পুরো বিশ্বের মানুষ, বিশেষ করে আমেরিকান এবং বিশ্বকাপ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে আসা মিলিয়ন মানুষের নিরাপত্তার জন্য যেকোনো অস্থিতিশীল হুমকি দূর করতে হবে।’
এদিকে, ইরানিয়ান ফুটবল ফেডারেশনকে দ্য অ্যাথলেটিক মেইল পাঠিয়েও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে ফিফার একজন মুখপাত্রও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ জানিয়ে ছিলেন, ‘বিষয়টি আমাদের প্রত্যাশার বাইরে যে, আমরা বিশ্বকাপ নিয়ে আশা রাখব। দেশের ক্রীড়া বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
ফিফার জেনারেল সেক্রেটারি মাতিয়াস গ্রাফস্টর্ম হামলার আগে বলেছেন, ‘বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মনোযোগ।’ হামলার পরও ইরানের খেলার নিরাপত্তা ও অংশগ্রহণ নিয়ে ফিফার অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে অ্যাথলেটিককে নিশ্চিত করা হয়েছে।


