মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের পাশে দাঁড়াতে এবং মানবিক উদ্যোগের অংশ হিসেবে বিশেষ এই ফ্লাইট পরিচালনা করা হয়েছে। আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা-চট্টগ্রাম-আবুধাবী-ঢাকা রুটে ফ্লাইটটি পরিচালিত হয়।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকা পড়েন এসব বাংলাদেশি।
ফেরত আসা যাত্রীদের স্বজনদের অনেকেই বিশেষ ফ্লাইটের খবর পেয়ে গভীর রাতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন। অনেকেই সেখানেই সেহরি করেন এবং প্রিয়জনদের অপেক্ষায় থাকেন।
বিমানটি অবতরণের পর প্রিয়জনদের নিরাপদে ফিরে পেয়ে স্বজনদের মধ্যে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়।


