মব ঘটনার পর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহর পদত্যাগ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপদেষ্টা মো. আহসান উল্লাহ পদত্যাগ করেছেন। গভর্নর ড. আহসান এইচ মনসুরের ওপর সংঘটিত অনাকাঙ্ক্ষিত মব বা গণ-হয়রানির ঘটনার প্রেক্ষাপটে বুধবার (৪ মার্চ) তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে আহসান উল্লাহ উল্লেখ করেন, গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকে ঘটে যাওয়া মব-সংস্কৃতির একটি অপ্রীতিকর ঘটনার কারণে তিনি নিরাপত্তা শঙ্কায় পড়েন এবং সেদিন বিকেলেই অফিসিয়াল গাড়িতে করে মিরপুর ডিওএইচএসে নিজের বাসায় ফিরে যেতে বাধ্য হন। ওই ঘটনার পর থেকে তিনি পেশাগত দায়িত্ব পালনে আর স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলেও জানান।

চিঠিতে তার চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তার নিয়োগের মেয়াদ আগে ২০২৬ সালের ৬ জানুয়ারি থেকে বাড়িয়ে ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে চুক্তির ১৩ নম্বর ধারা অনুযায়ী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে গণনা করে ৩০ দিনের পূর্ব নোটিশে পদত্যাগ কার্যকর করার আবেদন জানিয়েছেন তিনি।

বাংলাদেশ ব্যাংকে এক বছর এক মাস ১৮ দিনের দায়িত্ব পালনকালে কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থাপনা থেকে পাওয়া সহযোগিতা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আহসান উল্লাহ। তবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মব সংস্কৃতির মতো ঘটনা পেশাগত পরিবেশ নষ্ট করেছে বলেও তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিদাওয়া ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রেক্ষাপটেও এই পদত্যাগ আলোচনার জন্ম দিয়েছে। তবে গভর্নরের কার্যালয় থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।