চলমান ইরান যুদ্ধকে ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর জন্য প্রার্থনা করেছেন একদল খ্রিস্টান পাদ্রি। হোয়াইট হাউসে অনুষ্ঠিত সেই প্রার্থনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) হোয়াইট হাউস (White House)-এর ওভাল অফিসে জড়ো হন কয়েকজন খ্রিস্টান পাদ্রি। সেখানে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে যুদ্ধ পরিস্থিতিতে তার নেতৃত্ব, সিদ্ধান্ত এবং সাফল্যের জন্য প্রার্থনা করেন।
আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড (TRT World)-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনো (Dan Scavino) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে এই দৃশ্য দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, প্রায় ১০ থেকে ১২ জন পাদ্রি ট্রাম্পকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে কয়েকজন প্রেসিডেন্টের কাঁধ ও হাতে হাত রেখে প্রার্থনায় অংশ নেন। অন্যরাও একে অপরের কাঁধ বা হাতে হাত রেখে একই সঙ্গে প্রার্থনা করতে থাকেন।
প্রার্থনার সময় একজন পাদ্রি বিশেষভাবে ট্রাম্পের জন্য দোয়া বা আশীর্বাদ কামনা করে প্রার্থনা করেন। পুরো পরিবেশে এক ধরনের গম্ভীর ও মনোযোগী আবহ লক্ষ্য করা যায়।
ভিডিওতে দেখা যায়, এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প চোখ বন্ধ করে শান্তভাবে বসে আছেন এবং মনোযোগ দিয়ে পাদ্রিদের প্রার্থনা শুনছেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির প্রতীকী একটি মুহূর্ত হিসেবে দেখছেন। আবার কেউ কেউ যুদ্ধের প্রেক্ষাপটে ধর্মীয় নেতাদের এমন উদ্যোগ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যও করছেন।


