মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন হামলার খবর দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি (Fars News Agency) জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি (IRGC) বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, তেহরানের শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তাকারী স্থাপনাগুলো চিহ্নিত করার অংশ হিসেবেই বাহরাইনের ওই অ্যামাজন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, এ হামলা অঞ্চলজুড়ে আইআরজিসির সাম্প্রতিক ধারাবাহিক অভিযানেরই অংশ।
এর আগে দুবাইয়ে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারসহ আরও কয়েকটি কৌশলগত স্থাপনাকেও লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (Amazon Web Services) গত সোমবার এক বিবৃতিতে জানায়, সংযুক্ত আরব আমিরাতে তাদের দুটি স্থাপনায় সরাসরি আঘাত হানা হয়েছে। পাশাপাশি বাহরাইনে তাদের একটি স্থাপনার খুব কাছাকাছি ড্রোন হামলার কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেছে।
প্রতিষ্ঠানটির মতে, হামলার ফলে কিছু স্থাপনায় কাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। কোথাও কোথাও আগুন নেভানোর সময় অতিরিক্ত পানি ব্যবহারের কারণেও অবকাঠামোর ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়েছে। এরপর থেকে ইরান একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা আঘাত হানছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর (Middle East Monitor)


