আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ‘অদম্য নারী পুরস্কার’ কার্যক্রমের আওতায় বেগম খালেদা জিয়া (Khaleda Zia)-কে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় (Ministry of Women and Children Affairs)।
শুক্রবার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আসন্ন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
আগামী ৮ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন (Osmani Memorial Auditorium)-এ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার হাতে তুলে দেওয়া হবে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আপসহীন সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হচ্ছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি পৃথক ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হবে।
অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত হচ্ছেন।
