নারীদের জীবন, তাদের চিরন্তন খোঁজ আর এক অনন্ত প্রশ্নকে সামনে রেখে তৈরি হয়েছে নতুন গান ‘নারী যায় বাড়ি’। গানের কথা লিখেছেন শহীদ মাহমুদ জঙ্গী (Shahid Mahmud Jangi), সুর করেছেন পিলু খান (Pilu Khan)। আর গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের তিন শিল্পী সোমনুর মনির কোনাল (Somnur Monir Konal), অন্তরা রহমান (Antara Rahman) ও মাশা ইসলাম (Masha Islam)।
গানটির সংগীতায়োজন করেছেন মীর মাসুম। আর এর অ্যানিমেশন ভিডিও নির্মাণ করছেন মীর হিশাম ও সারাফ চিশতী।
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গানটি প্রকাশ করবে আজব রেকর্ডস (Azab Records)। সেদিন থেকেই গানটি সারা বিশ্বের বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে।
গানটির ভাবনা প্রসঙ্গে শহীদ মাহমুদ জঙ্গী বলেন, “নারীরা আজীবন তাদের নিজের ঘর খুঁজে বেড়ায়। কখনো বাবার ঘর, কখনো স্বামীর ঘর, কখনো ছেলের ঘর। কিন্তু তার নিজের ঘর কি সে কখনো খুঁজে পায়? এই চিরন্তন প্রশ্ন থেকেই গানটির জন্ম।”
সুরকার পিলু খানও এই কাজ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “জঙ্গী ভাইয়ের সঙ্গে গত চার দশকে আমরা নানা বিষয়ভিত্তিক গান করেছি। এবার সেখানে আরেকটি নতুন বিষয় যুক্ত হলো। আশা করি শ্রোতাদের ভালো লাগবে এই গান।”
গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী সোমনুর মনির কোনাল। তাঁর ভাষায়, “কিংবদন্তি দুজন মানুষের গান করতে পেরে আমি সত্যিই আনন্দিত। জঙ্গী ভাই ও পিলু ভাইয়ের সঙ্গে কাজ করতে পারা আমার সংগীত জীবনে বড় অর্জন।”
জানা গেছে, ৮ মার্চ থেকে ‘নারী যায় বাড়ি’ গানটি বিভিন্ন অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। পাশাপাশি এর অ্যানিমেশন ভিডিও দেখা যাবে আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেল এবং সংশ্লিষ্ট শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে।


