বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। পরিচালক আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
বলিউড তারকা রণবীর সিং অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ট্রেলারে আগের পর্বের তুলনায় আরও বেশি অ্যাকশন ও রুদ্ধশ্বাস উত্তেজনার আভাস মিলেছে।
পরিচালক আদিত্য ধর পরিচালিত এই সিনেমাটি আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রকাশিত ট্রেলারে দেখা যায়, প্রথম পর্বের ধারাবাহিকতায় এবার আরও ভয়ঙ্কর রূপে পর্দায় হাজির হচ্ছেন রণবীর সিং। সিনেমায় তার অভিনীত চরিত্র ‘জসকিরত সিং রঙ্গি’ কীভাবে দুর্ধর্ষ ‘হামজা’ হয়ে উঠল, সেই বিবর্তনের গল্পই এবার তুলে ধরা হয়েছে।
আগের পর্বে অক্ষয় খান্না অভিনীত রহমান বালোচ চরিত্রটি হত্যার পর এবার লিয়ারি অঞ্চলে নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার লড়াইয়ে নামতে দেখা যাবে রণবীরকে। ট্রেলারজুড়ে তার মারমুখী উপস্থিতি দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
সিনেমাটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর মতো পরিচিত মুখরা।
ট্রেলারে ব্যবহৃত আবহসংগীতও ইতোমধ্যে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটি শেয়ার করে রণবীর সিং লিখেছেন, “বলেছিলাম না, এবার বিষয়টা ব্যক্তিগত।” এতে সিনেমাটির গল্পে ব্যক্তিগত প্রতিশোধের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।
গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম সিনেমা ‘ধুরন্ধর’। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং গল্পের প্রেক্ষাপট নিয়ে কিছু বিতর্ক থাকলেও সবকিছু ছাপিয়ে ১ হাজার কোটি রুপির বেশি আয় করে নতুন রেকর্ড গড়ে।
এখন সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে কতটা প্রভাব ফেলতে পারে, সেটিই দেখার অপেক্ষায় দর্শকরা।


