ইরান দাবি করছে মার্কিন সেনা আটক, যুক্তরাষ্ট্র বলেছে ‘মিথ্যা’

ইরান জানিয়েছে, তারা কিছু মার্কিন সেনাকে আটক করেছে, তবে যুক্তরাষ্ট্র এই দাবিকে সরাসরি ‘মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছে।

শনিবার (৭ মার্চ) ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্টে দাবি করেন, বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন এই ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছে। লারিজানি আরও বলেন, মার্কিন প্রশাসন বলছে সেনারা যুদ্ধে নিহত হয়েছেন, কিন্তু বাস্তবে তারা বন্দি অবস্থায় আছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সত্য খুব বেশিদিন গোপন রাখা যাবে না।”

ইরানের দাবির পরই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, কোনো মার্কিন সেনা আটক হওয়ার তথ্য ভিত্তিহীন। তিনি ইরানের এই দাবিকে দেশটির শাসকগোষ্ঠীর ‘মিথ্যাচার ও প্রতারণার’ অংশ হিসেবে অভিহিত করেন। মার্কিন কর্মকর্তাদের মতে, তেহরান বিভ্রান্তি ছড়ানোর পরিকল্পনা করছে।

মধ্যপ্রাচ্যের উত্তেজনা বৃদ্ধি পেয়েছে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার পর। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং প্রায় এক হাজার মানুষ, যার মধ্যে দেড় শতাধিক স্কুলছাত্রী, নিহত হন। ঘটনার পর থেকে ইরান ও তার মিত্ররা যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। এই পরিস্থিতি পুরো অঞ্চলে ভয়াবহ অস্থিরতার সৃষ্টি করেছে।