বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সম্ভাব্য চোরাচালান ঠেকাতে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় টহল কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (Bangladesh Coast Guard)।
শনিবার বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী অবৈধভাবে পাচারের আশঙ্কা বেড়েছে। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার (Myanmar)-এ এসব পণ্য পাচারের ঝুঁকি বিবেচনায় রেখে সংস্থাটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উপকূলীয় অঞ্চল, বিভিন্ন নৌপথ এবং সীমান্ত সংলগ্ন এলাকায় দিন-রাত নিরবচ্ছিন্নভাবে টহল পরিচালনা করা হচ্ছে। এর লক্ষ্য হলো কোনো অসাধু চক্র যেন জ্বালানি তেল বা নিত্যপ্রয়োজনীয় পণ্য অবৈধভাবে দেশের বাইরে পাচার করতে না পারে।
এ পরিস্থিতিতে উপকূলীয় এলাকার সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কোস্ট গার্ড। একই সঙ্গে সন্দেহজনক কোনো কার্যক্রম বা তথ্য চোখে পড়লে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করে কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
