পাহাড়ঘেরা মনোরম প্রান্তর। সূর্যোদয়ের কোমল আলোয় ধীরে ধীরে জেগে উঠছে চারপাশ। ঠিক সেই শান্ত মুহূর্তেই দৃশ্যপটে হাজির হয় এক নিঃসঙ্গ মানুষের উপস্থিতি। শুরুতে সবকিছু যেন নিস্তব্ধ ও শান্ত, কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিবেশ বদলে যেতে থাকে অদৃশ্য কোনো বিপদের ইঙ্গিতে। নীরবতার ভেতর ঘনিয়ে আসে অজানা আশঙ্কা। আতঙ্কিত দৃষ্টি, অস্ত্রধারীদের উপস্থিতি আর বেঁচে থাকার মরিয়া সংগ্রামের আভাস—সব মিলিয়ে প্রকাশ পেল আসন্ন দম (Dom) সিনেমার ফার্স্ট লুক।
৮ মার্চ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয় ৫৪ সেকেন্ডের এই ফার্স্ট লুক। সেখানে স্পষ্টভাবে দেখা গেছে জনপ্রিয় অভিনয়শিল্পী আফরান নিশো (Afran Nisho), চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury) এবং পূজা চেরী (Puja Cherry)–এর ভিন্নধর্মী লুক। বিভিন্ন দৃশ্যের দ্রুত পরিবর্তন এবং তার সঙ্গে যুক্ত তীব্র ব্যাকগ্রাউন্ড মিউজিক দর্শকদের মনে তৈরি করেছে কৌতূহল ও আলোচনার ঝড়। ফার্স্ট লুকটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে প্রশংসা ও আগ্রহের ঢেউ দেখা যাচ্ছে।
টিজারের প্রায় পুরোটা সময় জুড়ে ক্লান্ত, রুগ্ন, উদ্বিগ্ন ও ভীত এক মানুষ হিসেবে দেখা গেছে আফরান নিশোকে। তার মুখভঙ্গি ও উপস্থিতি যেন ইঙ্গিত দেয় কঠিন কোনো পরিস্থিতিতে আটকে পড়া এক মানুষের গল্প। অন্যদিকে অভিনেত্রী পূজা চেরীর অভিব্যক্তিতে ফুটে উঠেছে অনিশ্চয়তা ও আতঙ্কের ছাপ। একই সঙ্গে বিস্মিত ও আতঙ্কিত প্রতিক্রিয়ায় ধরা দিয়েছেন চঞ্চল চৌধুরী। সব মিলিয়ে প্রতিটি দৃশ্য দর্শকদের মনে নতুন নতুন প্রশ্ন তুলছে—কে পালাচ্ছে, কে তাড়া করছে, আর শেষ পর্যন্ত কার হাতে থাকবে বেঁচে থাকার শেষ সুযোগ?
টিজারের পুরো সময়জুড়ে কোনো সংলাপ শোনা যায় না। কেবল একেবারে শেষ মুহূর্তে শোনা যায় একটি সংলাপ, সেটিও আফরান নিশোর কণ্ঠে। সেখানে তিনি বলেন, ‘আমি শাজাহান ইসলাম নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’। ছোট্ট এই সংলাপটি পুরো ফার্স্ট লুককে আরও রহস্যময় করে তুলেছে বলে মনে করছেন দর্শক–ভক্তরা।
সিনেমাটিতে শাজাহান ইসলাম নূর চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। নিজের চরিত্র ও সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘দম একটা সারভাইভাল স্টোরি, ইমোশনাল গল্প। এমন একটা সিনেমা বানাতেও দম লাগে। সেটা আমাদের পুরো টিম করে দেখিয়েছে। ফার্স্ট লুকটি দর্শকদের ভালো লাগছে দেখে আমাদেরও ভালো লাগছে। আশা করছি সিনেমাটাও সবার ভালো লাগবে।’
এদিকে পূজা চেরী অভিনয় করেছেন রানি নামের একটি চরিত্রে। তার ভাষ্য অনুযায়ী, চরিত্রটি দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী। তিনি বলেন, ‘টিজারে রানি চরিত্রটির লুক দেখা গেছে মাত্র। চরিত্রটির কয়েকটি লেয়ার আছে, যার মধ্যে দৃঢ়তা অন্যতম। নূরের জীবনে এই চরিত্রের প্রভাব কতটা, সেটা জানতে দর্শকদের আরও অল্প কিছুদিন অপেক্ষা করতে হবে। রানি চরিত্রটি পুরো সিনেমায় নিজস্ব শক্ত অবস্থান ধরে রাখবে।’
‘দম’ সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা–আই (SVF Alpha-i) এবং চরকি (Chorki)। ‘Until the Last Breath’ ট্যাগলাইনে নির্মিত এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে। বছরের অন্যতম প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি (Redoan Rony)। চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।


