শিক্ষাক্ষেত্রের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করার লক্ষ্যে সৎ ও দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য আহ্বান করে একটি গুগল ফর্ম প্রকাশ করেছে ন্যাশনাল সিটিজেন পার্টি (National Citizen Party–NCP)। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দলটির যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত (Faisal Mahmud Shanto) স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে শিক্ষকদের উদ্দেশে বলা হয়েছে, জুলাই ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র–জনতার অভ্যুত্থান কেবল একটি সরকার পতনের ঘটনা ছিল না; বরং এটি ছিল নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা। শিক্ষা খাতসহ রাষ্ট্রের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, সংশ্লিষ্ট অংশীজনদের অধিকার নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানগুলোর গণতান্ত্রিক চরিত্র পুনর্নির্মাণ ছিল ওই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা।
এতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক–শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষাক্ষেত্রে বিদ্যমান নানা অসংগতি নিয়ে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে শিক্ষক ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে দলটির নেতা–কর্মীরা রাজপথেও সক্রিয় অংশগ্রহণ করেছেন।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিনের লড়াই-সংগ্রাম সত্ত্বেও শিক্ষাক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন এখনও সীমিত। এই বাস্তবতায় শিক্ষক, শিক্ষার্থী এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থার টেকসই উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাবে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষা খাতের বাস্তব সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর জন্য বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে চায় তারা। সেই লক্ষ্যেই আগ্রহী শিক্ষকদের একটি গুগল ফর্মের মাধ্যমে নিজেদের তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
