মদনে শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার লুটের চেষ্টা, বাবা-ছেলেসহ দুজন আটক

নেত্রকোনার মদন উপজেলায় শ্বশুরবাড়ি থেকে স্বর্ণালংকার লুটের অভিযোগে বাবা-ছেলেসহ দুজনকে আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। আটক দুজন হলেন—ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মধ্যবাজার এলাকার বরুণ চন্দ্র কর্মকার (৪৫) ও তার ছেলে তরুণ চন্দ্র কর্মকার (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে মদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পরিচ্ছন্ন কর্মী ও পৌরসভার বাসিন্দা অমূল্য চন্দ্র দাসের মেয়েকে বিয়ে করেন তরুণ চন্দ্র কর্মকার। বিয়ের প্রায় দুই মাস পরই তরুণ তার স্ত্রী ও বাবা বরুণ চন্দ্র কর্মকারকে নিয়ে শ্বশুরবাড়ির এলাকা মদনে চলে আসেন।

কিছুদিন পর তারা শ্বশুরের বাসার পাশেই শ্যামলী রোড এলাকায় অনু মিয়ার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এ সময় তরুণের বাবা বরুণ চন্দ্র কর্মকার মদন পৌরসভার মাতৃ জুয়েলার্সে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ আগে নেশার টাকার জন্য তরুণ ও তার বাবা বরুণ চন্দ্র কর্মকার মিলে শ্বশুর অমূল্য চন্দ্র দাসের বাসা থেকে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে যান। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এরই ধারাবাহিকতায় রোববার রাতে আবারও নেশার টাকার জন্য শ্বশুরের ঘর থেকে স্বর্ণালংকার নিতে গেলে তারা হাতেনাতে ধরা পড়েন। স্থানীয় লোকজন তাদের আটক করে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাবা-ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় জিজ্ঞাসাবাদে তারা স্বর্ণালংকার নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।