টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জেতার পরও ভারতকে নিয়ে আলোচনা থামছে না। বিশ্বের অনেক ক্রিকেটবিশারদ ভারতের দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করলেও পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার (Shoaib Akhtar) এক ভিন্ন দৃষ্টিকোণ প্রকাশ করেছেন। তার মতে, ভারতের ক্রমবর্ধমান প্রভাব ক্রিকেটের জন্য ভালো নয় এবং ভারত “ধীরে ধীরে ক্রিকেট শেষ করে দিচ্ছে”।
ফাইনালে ভারতের ব্যাটিং ও বোলিং দু’দিকেই দাপট ছিল চোখে পড়ার মতো। ব্যাটসম্যানরা ঠিকঠাক ইনিংস খেললেও বোলাররা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের থামিয়ে দেয়। এর মাধ্যমে ভারত টানা দ্বিতীয় ও রেকর্ড তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।
জয়ের পর পাকিস্তানি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড (Tapmad)-এর অনুষ্ঠান ‘গেম অন হ্যায়’-এ অংশ নিয়ে শোয়েব ভারতের আধিপত্যকে তুলনা করেছেন পাড়া-মহল্লার ক্রিকেটের সঙ্গে। তিনি বলেন, “পাড়ায় সবসময় একজন ধনী ছেলে থাকে। সে গরিব বাচ্চাদের ডেকে বলে—চলো ক্রিকেট খেলি, তবে জিতব কিন্তু আমিই। ভারত আমাদের সঙ্গে ঠিক সেটাই করছে। আট দলের মধ্যে চারটি রাখে, পরে আবার সেখান থেকে তিনটিকে ডাকে এবং শেষ পর্যন্ত সামনে এগিয়ে যায়। তারপর বলে—দেখো, আমি জিতে গেছি। এভাবে তারা পুরো ক্রিকেটটাই শেষ করে দিয়েছে।”
শোয়েবের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয় এবং তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ক্রিকেটভক্তই ভারতের বড় জয়ের পর এই মন্তব্যকে হতাশা বা তিক্ত প্রতিক্রিয়া হিসেবে দেখছেন।


