নিজের নির্বাচনি এলাকার উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক উদ্যোগ নিয়ে মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah)। তিনি বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেবীদ্বারের সব সরকারি কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনগণের সামনে তুলে ধরা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে কুমিল্লা (Cumilla)-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য এলাকার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন।
লাইভে হাসনাত আবদুল্লাহ জানান, গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত তিন সপ্তাহ তিনি মূলত এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক কাঠামো এবং সরকারি সেবার মান যাচাইয়ের কাজে সময় দিয়েছেন। তিনি বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি সরকারি কার্যক্রমের তথ্য জনগণের সামনে তুলে ধরা হবে।
দেবীদ্বারের রাস্তাঘাটের দুরবস্থাকে তিনি এলাকার অন্যতম প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করেন। এ বিষয়ে তিনি জানান, বর্তমানে সড়ক ও জনপথ অধিদপ্তর (Roads and Highways Department), এলজিইডি (Local Government Engineering Department) এবং পিআইও অফিসের অধীনে বেশ কয়েকটি সড়কের উন্নয়নকাজ চলছে। বর্ষার আগেই এসব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন এবং কাজের গুণগত মান বজায় রাখার ওপর জোর দেন। একই সঙ্গে একাধিক প্রকল্প একসঙ্গে নিয়ে দীর্ঘসূত্রতা তৈরি করার প্রবণতা বন্ধ করার আহ্বান জানান।
আসন্ন ঈদ উপলক্ষে সরকারি সহায়তার তথ্যও তুলে ধরেন তিনি। হাসনাত আবদুল্লাহ জানান, দেবীদ্বার পৌরসভায় তিন হাজার ৮১টি এবং উপজেলার ১৫টি ইউনিয়নে মোট ২০ হাজার ৬৩৫টি ভিজিএফ কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি নির্দেশ দিয়েছেন তিনি।
এ ছাড়া কাবিখা কর্মসূচির আওতায় এলাকায় ১০টি অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং দুটি খাল পুনঃখননের পরিকল্পনার কথাও উল্লেখ করেন সংসদ সদস্য।
সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ খোলার ঘোষণাও দেন তিনি। এই পেজে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, কাজের অগ্রগতি এবং সরকারি সহায়তার যাবতীয় তথ্য নিয়মিত প্রকাশ করা হবে বলে জানান তিনি।
লাইভ বক্তব্যে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করার পাশাপাশি দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, সরকারি সেবার সুফল সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তার প্রধান লক্ষ্য।
