প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) বলেছেন, আগামী মাসের মধ্যেই দেশের কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মতোই কৃষকদের জন্য এই উদ্যোগও দ্রুত বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান (Zubaida Rahman) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন (AZM Zahid Hossain)।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা আরও কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম। তার মধ্যে যেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তার একটি হচ্ছে কৃষক কার্ড। সেই কার্ডের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আজ যেভাবে ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আগামী মাসের মধ্যেই কৃষক ভাইদের কাছেও কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হবে—এমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে গত সপ্তাহে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
তারেক রহমান বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করাই সরকারের লক্ষ্য। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনগণের জীবনমানের উন্নতি ঘটবে।
তিনি জানান, ধাপে ধাপে সরকারের নির্বাচনি অঙ্গীকারগুলো বাস্তবায়ন করা হবে এবং জনগণের ভাগ্য পরিবর্তনে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে।
