সাবেক সচিব মো. আমিনুল ইসলাম (Aminul Islam) কে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে এক বছর। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
মো. আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর আইন বিভাগের ছাত্র ছিলেন। ১৯৮৫ ব্যাচে প্রশাসন ক্যাডারের প্রায় ৬০০ জন কর্মকর্তার মধ্যে মেধা তালিকায় পঞ্চম স্থান অর্জন করেছিলেন তিনি। পরে তাকে পদোন্নতি না দেওয়া হলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভূতাপেক্ষভাবে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
বিএনপি জোট সরকারের সময় শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন। এজন্য ২০০৫ সালে ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia) তাকে সম্মাননা প্রদান করেন।
