দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা, আহত ৪—এর মধ্যে এক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে দুটি ড্রোন হামলার ঘটনায় চারজন আহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দুবাই সরকারের মিডিয়া অফিস। বিষয়টি জানিয়েছে সিএনএন (CNN)।

এক বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পেয়েছেন, তবে তার অবস্থা গুরুতর নয়। এছাড়া দুইজন ঘানার নাগরিক এবং একজন বাংলাদেশি সামান্য আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (Dubai International Airport)-এর কাছাকাছি এলাকায়। তবে হামলার পরও বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের অবকাঠামো কিংবা আশপাশের এলাকায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।