মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা আবারও নতুন করে আলোচনায় এসেছে। সৌদি আরব জানিয়েছে, নতুন করে আরও তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে। এর ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে মোট ২১টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটি।
সৌদি আরব প্রতিরক্ষা মন্ত্রণালয় (Saudi Arabia Ministry of Defense) এক বিবৃতিতে জানায়, পূর্বাঞ্চলে আগে ১৮টি ড্রোন ধ্বংস করার পরপরই আরও তিনটি ড্রোন হামলার চেষ্টা শনাক্ত করা হয় এবং সেগুলোকেও প্রতিহত করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় হয়ে এসব ড্রোন লক্ষ্য করে ব্যবস্থা নেয়। এর ফলে সম্ভাব্য হামলা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত জানায়। সেখানে বলা হয়, ‘এম্পটি কোয়ার্টার’ মরুভূমির আকাশে দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ওই ড্রোনগুলো শায়বাহ তেলক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছিল বলে শনাক্ত করা হয়।
তদন্ত করে দেখা গেছে, ড্রোনগুলোর গতিপথ সরাসরি ওই তেলক্ষেত্রের দিকে ছিল, যা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ।
এদিকে একই সময়ে পূর্বাঞ্চলীয় আকাশসীমায় আরও দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফলে অল্প সময়ের ব্যবধানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একাধিক হামলার প্রচেষ্টা মোকাবিলা করতে হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকায় সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনাগুলোর পেছনে কারা জড়িত এবং ড্রোনগুলো কোথা থেকে পাঠানো হয়েছিল—তা নিয়ে তদন্ত চলছে।


