ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের মাইক্রোফোনে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় অধিবেশন শুরু করতে পারেননি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (Hafiz Uddin Ahmed)। পরিস্থিতির কারণে তিনি সাময়িক বিরতি ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) স্পিকার হিসেবে নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো অধিবেশনে সভাপতিত্ব করতে আসেন তিনি। কিন্তু অধিবেশন শুরু করার মুহূর্তেই মাইক্রোফোনে সমস্যা দেখা দেয়। এতে স্পিকার কথা বলতে গেলে শব্দ বিভ্রাট ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে।
সংসদ সচিবালয়ের কারিগরি দল দ্রুত মাইক্রোফোনটি মেরামতের চেষ্টা শুরু করলেও তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান সম্ভব হয়নি। এ অবস্থায় স্পিকার প্রথমে দুই মিনিট সময় চান।
অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, এই মহান সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত করায় তিনি প্রতিটি সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন। তবে যান্ত্রিক গোলযোগের কারণে তাঁর বক্তব্য স্পষ্টভাবে শোনা যাচ্ছে না।
তিনি বলেন, “বর্তমানে একটি যান্ত্রিক সমস্যার কারণে আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে না। তাই আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমার মূল মাইকটি অকেজো থাকায় আমি এখন হ্যান্ড মাইক ব্যবহার করে কথা বলছি। আশা করছি, মূল মাইকটি দ্রুতই ঠিক হয়ে যাবে।”
স্পিকার আরও বলেন, “আপনারা একটু ধৈর্য ধরুন। দীর্ঘ ১৭ বছর পর আমরা একটি কার্যকর সংসদ পেয়েছি। এই সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত, তাই কিছুটা অনভ্যস্ততা থাকতে পারে। আশা করি, দ্রুতই এই পরিস্থিতির সমাধান হবে। সকাল থেকে সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ এই সমস্যাটি দেখা দিয়েছে।”
পরে তিনি জানান, প্রকৌশলীরা বলেছেন দুই মিনিটের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ঠিক হয়ে যাবে। তবে তখন যোহরের আযানের সময় হয়ে যাওয়ায় নামাজের সুবিধার্থে তিনি অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন।
