ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০: ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ ফেরছেন শামীম হাসান সরকার

ঈদের আনন্দকে আরও দ্বিগুণ করতে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর আনকোরা নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০) বাংলার দর্শকের জন্য আসছে। আগের পর্বগুলোর শেষের মুহূর্ত থেকে শুরু হবে নতুন হাসি, নাটকীয়তা ও অপ্রত্যাশিত ঘটনা।

এই ঈদ স্পেশাল পর্বের সবচেয়ে বড় আকর্ষণ হলো জনপ্রিয় চরিত্র ‘আরেফিন’-এর প্রত্যাবর্তন, অভিনয়ে থাকছেন শামীম হাসান সরকার। দীর্ঘদিন পর তার ফিরে আসা ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন সমীকরণ তৈরি করবে, কাবিলা-পাশাদের সঙ্গে তার পুরোনো রসায়ন কোন দিকে যাবে তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

পরিচালক কাজল আরেফিন অমি বলেন, “আরেফিন ছাড়া ব্যাচেলর পয়েন্টের ‘অরিজিনাল গ্যাং’ অসম্পূর্ণ। দীর্ঘদিনের অভিমান ও দূরত্বের বরফ গলিয়ে নেহালের (তৌসিফ মাহবুব) উদ্যোগেই আমরা শামীম হাসান সরকারকে আবার ফিরে পেয়েছি। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন— এই পাঁচ বন্ধুকে একসঙ্গে স্ক্রিনে দেখে শুটিংয়ের সময় আমি নিজেই ইমোশনাল হয়ে পড়েছিলাম। চ্যাপ্টার ১০-কে আমরা বিশেষ যত্ন নিয়ে ঈদ স্পেশাল হিসেবে সাজিয়েছি। দর্শকদের জন্য এটি এক ভিন্ন মাত্রার আনন্দ হবে।”

নতুন সিজনে প্রধান চরিত্রগুলোতে উপস্থিত থাকবেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলমের পাশাপাশি এবার যুক্ত হয়েছেন শামীম হাসান সরকার। এছাড়া থাকবেন স্পর্শিয়া, লামিয়া লাম সহ আরও অনেকে। ঈদে ব্যাচেলরদের হাসি, আবেগ ও নাটকীয়তায় ভরা এই চ্যাপ্টার দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দিতে চলেছে।