ওমানে ড্রোনের ধ্বংসাবশেষে নিহত ২ প্রবাসী শ্রমিক

ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওমান নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, সোহার প্রদেশের আল-ওয়াহি শিল্প এলাকায় ড্রোনটি ভূপাতিত হলে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে যায়। এতে সেখানে থাকা দুই প্রবাসী শ্রমিক নিহত হন এবং আরও দুইজন আহত হন।

এদিকে একই প্রদেশে আরেকটি ড্রোন ভূপাতিত করা হলেও ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ওমান নিউজ এজেন্সি জানায়, দুটি ঘটনারই তদন্ত চলছে বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশ সৌদি আরবেও ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী রিয়াদের কূটনৈতিক এলাকায় আঘাত হানার আগে একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দেশটির মধ্য ও পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটটি ড্রোন ভূপাতিত করেছে।

তথ্যসূত্র: আল জাজিরা