ঈদযাত্রাকে সামনে রেখে ট্রেনের টিকিট সংগ্রহ করতে গত ৩ থেকে ৯ মার্চ পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মে প্রায় ৩৭ লাখ মানুষ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (১৩ মার্চ) ঈদযাত্রার প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা ৩ তারিখ থেকে যাত্রার ১০ দিন আগের টিকিট ধারাবাহিকভাবে অনলাইনে ছেড়েছিলাম। যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করেছেন এবং আজ থেকেই ঈদযাত্রা শুরু হয়েছে।’
তিনি জানান, অনলাইন টিকিটিং ব্যবস্থায় ব্যাপক চাপ ছিল। প্রায় ৩৭ লাখ মানুষ টিকিট কেনার চেষ্টা করেছেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী প্রায় ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে।
স্টেশনের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত সবকিছু স্বাভাবিক রয়েছে। এ পর্যন্ত ২১টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে এবং এর বেশিরভাগই নির্ধারিত সময়েই ছেড়েছে। শুধু দুটি ট্রেন প্রায় ৪০ মিনিট বিলম্বে ছেড়েছে।
মন্ত্রী আরও বলেন, তিনি স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং তারা সেবার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে এই সেবার মান বজায় থাকবে কি না—এ নিয়ে কিছু যাত্রী উদ্বেগ প্রকাশ করেছেন।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমি যাত্রীদের আশ্বস্ত করেছি যে রেলের এই সেবার মান যেকোনো মূল্যে অব্যাহত রাখা হবে এবং ভবিষ্যতে তা আরও উন্নত করা হবে।’
