ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সংগীত বাজানোর সময় বিরোধীদলীয় সংসদ সদস্যদের চেয়ারে বসে থাকার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ (Abdul Hannan Masud)।
শুক্রবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি পুরো ঘটনার ব্যাখ্যা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যখন মাননীয় স্পিকার রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধীদলীয় সব সংসদ সদস্য প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।
তিনি আরও লেখেন, রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করার সময় তাকে সম্মান জানাতে সরকারদলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে যান এবং বিরোধীদলের সদস্যরা বসে যান। এ সময় বিরোধীদলীয় নেতারা উচ্চস্বরে প্রতিবাদ জানাতে থাকেন।
আবদুল হান্নান মাসউদ জানান, রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জাতীয় সংগীত বাজানো শুরু হয়। কিন্তু বিরোধীদলীয় সংসদ সদস্যরা তখন প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারে সাউন্ড সমস্যার কারণে জাতীয় সংগীত শুরু হওয়ার বিষয়টি তারা তাৎক্ষণিকভাবে বুঝতে পারেননি।
তিনি আরও লেখেন, কিছুক্ষণ পর হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah) বিষয়টি টের পেয়ে অন্য সংসদ সদস্যদের জানান। এরপরই বিরোধীদলীয় সংসদ সদস্যরা দ্রুত দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান এবং সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।
পোস্টের শেষে তিনি বলেন, ভুল বোঝাবুঝির অবসান হোক এবং সঠিক তথ্য একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হোক।
