ট্রাম্পের ধর্মীয় স্বাধীনতা কমিশনের উপদেষ্টা বোর্ড থেকে মুসলিম সদস্য সামিরা মুনশির পদত্যাগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)–এর গঠিত ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের উপদেষ্টা বোর্ড থেকে পদত্যাগ করেছেন একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি (Samira Munshi)। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বৃহস্পতিবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ধর্মীয় স্বাধীনতা কমিশনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুনশি। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হোয়াইট হাউস কমিশন থেকে ক্যাথলিক কমিশনার ক্যারি প্রেজিন বোলার (Carrie Prejean Boller)–কে অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক পোস্টে ক্যারি প্রেজিন বোলার দাবি করেন, গাজায় ইসরাইলের কর্মকাণ্ডকে ‘গণহ’\ত্যা’ বলে সমালোচনা করা এবং জায়নবাদবিরোধী অবস্থানের কারণেই তাকে কমিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এসব মত প্রকাশের কারণে তাকে ‘অ্যান্টিসেমিটিক’ বা ইহুদিবিদ্বেষী হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল।

এর আগে ফেব্রুয়ারিতে কমিশনের এক বৈঠকে উত্তপ্ত বিতর্কের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ওই বৈঠকে ক্যারি প্রেজিন বোলার বলেন, ক্যাথলিক ধর্মবিশ্বাস ও জায়নিজম একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধর্মীয় স্বাধীনতা কমিশন গঠন করেন। কমিশনটি সরাসরি প্রেসিডেন্টকে প্রতিবেদন দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। এখন পর্যন্ত এই কমিশনে কোনো মুসলিমকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। মুসলিমদের মধ্যে সামিরা মুনশি ছাড়াও উপদেষ্টা হিসেবে রয়েছেন ইসমাইল রোয়ের (Ismail Royer) এবং ইসলামি পণ্ডিত শেখ হামজা ইউসুফ (Sheikh Hamza Yusuf)।