ভোটের কালি মুছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে বিএনপি: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) বলেছেন, জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোছার আগেই দলটি তাদের সব প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। শনিবার (১৪ মার্চ) ইমাম-মুয়াজ্জিনদের সরকারি সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান।

তারেক রহমান বলেন, “আজকের ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানে আপনারা এমন কিছু মানুষ একত্রিত হয়েছেন, যারা কোনো বাধ্যবাধকতা ছাড়াই মানুষের সম্মান পাচ্ছেন। জীবনের কঠিন মুহূর্তে মানুষদের কাছে ভালো উপদেশের জন্য যাদের কাছে প্রত্যাশা থাকে, তারা এখানে রয়েছেন।”

প্রধানমন্ত্রী আরও বলেন, “এই অনুষ্ঠানে ধর্মীয় ব্যক্তিত্ব যেমন ইমাম, খতিব, মুয়াজ্জিন রয়েছেন, তেমনি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের ধর্মীয় নেতৃবৃন্দও উপস্থিত রয়েছেন—পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। আপনারা ইতোমধ্যেই জানেন, আমরা কেন আজ এখানে একত্রিত হয়েছি।”

তিনি সমাজের বিভিন্ন অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের কল্যাণের কথাও তুলে ধরেন। তিনি বলেন, “অর্থনৈতিক সহায়তা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আমরা আর্থিক বৈষম্য দূর করে সবাই মিলে ভালো থাকবো। জাতীয় নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। ভোটের কালি মুছে যাওয়ার আগেই আমরা প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছি।”

তারেক রহমান বলেন, “অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য আমরা ইতোমধ্যেই ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে সারাদেশে সবাই এটি পাবেন। আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে চালু হচ্ছে ‘ফার্মার্স কার্ড’ বা কৃষক কার্ড। ১৬ মার্চ থেকে দিনাজপুরে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। আজ থেকে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হলো।”

প্রধানমন্ত্রী জানান, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে সরকার দেশের এমন একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলতে চায়, যাতে আর কোনো ফ্যাসিবাদী বা তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে।