খারগ দ্বীপে হামলার পর ইরান জানালো, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল স্থাপনায় হামলার হুমকি

ইরান ‘খারগ দ্বীপ’-এ হামলার পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল ও জ্বালানি অবকাঠামোয় হামলার হুমকি দিয়েছে। এ ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের মুখপাত্র।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যদি ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে যেসব তেল ও জ্বালানি স্থাপনায় মার্কিন কোম্পানির অংশীদারিত্ব আছে বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করছে, সেগুলো ধ্বংস করা হবে। মুখপাত্র আরও জানান, এ ধরণের হামলা হলে এসব স্থাপনাগুলো “ছাইয়ে পরিণত” হবে।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ মার্চ) রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে খারগ দ্বীপে মার্কিন হামলার দৃশ্য দেখানো হয়েছে। সিএনএন-এর ভৌগোলিক বিশ্লেষণও হামলার বিষয়টি নিশ্চিত করেছে।

তবে মার্কিন হামলার পরও ইরানি গণমাধ্যম জানিয়েছে, খারগ দ্বীপের তেল অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা