দীপা খন্দকার বর্তমানে তার সমসাময়িক কালের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম। বিশেষত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে দর্শকের মনোযোগ অর্জন করেছেন। তবে দীপা কেবল নাটকেই সীমাবদ্ধ নন—তিনি সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজেও সক্রিয়ভাবে অভিনয় করছেন।
আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ-তে দেখা যাবে দীপাকে ‘একসাথে আলাদা’ নামের ওয়েব ফিল্মে। রেজাউর রহমানের নির্দেশনায় নির্মিত এই ফিল্মে তিনি একজন আর্মি অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। তার বিপরীতে রয়েছেন কিংবদন্তি অভিনেতা তারিক আনাম খান (Tariq Anam Khan)।
ঈদে দীপাকে আরও দেখা যাবে চয়নিকা চৌধুরীর ‘ভালোবাসার অন্য নাম তুমি’, সকাল আহমেদ’র ‘শেকড়’, মুরাদ পারভেজ’র ‘শেষের গল্পের পরের গল্প’, জাকারিয়া শৌখিনের ‘আপনজন’সহ মিশুক মিঠু, এল-এর সোহেল এবং আরও কয়েকজন নির্মাতার নাটকে।
দীপা খন্দকার বলেন, “একসাথে আলাদা ওয়েব ফিল্মের গল্প অত্যন্ত সুন্দর। দর্শকরা এটি উপভোগ করবেন বলে আমি নিশ্চিত। এছাড়া আমি শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাইয়ের বিপরীতে অভিনয় করেছি। তার সঙ্গে কাজ করার প্রতিটি মুহূর্তেই অনেক কিছু শেখার সুযোগ মেলে। চয়নিকা চৌধুরীর নাটকের গল্পও খুব সুন্দর, সকালের নাটকটিও দর্শক প্রিয় হবে। মুরাদ পারভেজ-এর নাটক দর্শকের মধ্যে দারুণ সাড়া ফেলবে বলে আমি বিশ্বাস করি। শৌখিনের নাটকে আমি একটি দৃশ্যে উপস্থিত থাকব। বাকী নাটকগুলোতেও আমার অভিনয় রয়েছে। এবারের ঈদে দর্শকরা আমাকে বিভিন্ন ধরনের চরিত্রে দেখতে পাবেন। ঈদ অবশ্যই পরিবারের সঙ্গে ঢাকায় কাটবে, সবাইকে অগ্রিম শুভেচ্ছা।”
এর আগে হৈচৈ-তে দীপা অভিনীত ‘রুমি’ ওয়েব সিরিজ প্রচারিত হয়েছিল। এছাড়া চরকি’তে ‘ঘুম পরী’ ওয়েব ফিল্মে তার অভিনয় দর্শক প্রশংসা অর্জন করেছে। দীপা সম্প্রতি বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমা শেষ করেছেন।
কিছুদিন আগে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে দীপাকে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা চরিত্রে অভিনয়ের জন্য সম্মাননা প্রদান করা হয়।
