ঈদে প্রেক্ষাপটে মুক্তি পাচ্ছে নাটক ‘যে বাঁধন যায় না ছেঁড়া’। নাটকটি নির্মাণ করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। সম্প্রতি ঢাকার উত্তরা, মিরপুর-১২ ও আগারগাঁও এলাকায় শেষ হয়েছে এর দৃশ্যধারণ।
নাটকটি বাবা-ছেলের সম্পর্ক এবং পারিবারিক টানাপোড়েনকে কেন্দ্র করে আবর্তিত। এতে অভিনয় করেছেন আবুল হায়াত, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল, এসএম আশরাফুল আলম সোহাগ, রেশমা আহমেদ, আজম খান, ইফতেখার পলাশ, আজিজুল ইসলাম, রাজীব নটরাজ, সুজন ভৌমিক এবং শিশু শিল্পী ইব্রাহিম।
গল্পে দেখা যাবে, ষাটোর্ধ্ব হায়াত সাহেব সারাজীবন মফস্বল শহরে চাকরি করে একমাত্র ছেলে জাফরকে বড় করেছেন। নিজের জমিজমা বিক্রি করে ছেলেকে ঢাকায় পড়াশোনা করিয়েছেন। বর্তমানে জাফর ঢাকায় সংসার করে প্রতিষ্ঠিত। স্ত্রী মারা যাওয়ার পর অসুস্থ হায়াত সাহেব চিকিৎসার জন্য ছেলের বাসায় আসেন। প্রথমে আন্তরিকতা থাকলেও ধীরে ধীরে বিভিন্ন পরিস্থিতিতে সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। ছোট সংসারে দায়িত্ব, বাস্তবতা ও আবেগের দ্বন্দ্ব নাটকে ফুটে উঠেছে।
অভিনেতা আবুল হায়াত বলেন, “গল্পটি সমাজের পরিচিত বাস্তবতার কথা তুলে ধরে। অনেক পরিবারে এমন পরিস্থিতি চোখে পড়ে। সেই অনুভূতিটাই নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।” ইরফান সাজ্জাদ যোগ করেন, “একজন ছেলের দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের টানাপোড়েন এখানে দেখানো হয়েছে। দর্শকদের আবেগ ছুঁয়ে যাবে বলে আশা করি।”
নির্মাতা রানা বলেন, “পারিবারিক সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি ও মানবিক বার্তার কারণে নাটকটি দর্শকের মনে বিশেষ স্থান করে নেবে।”
নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন রমজান আলী এবং আবহসংগীত পরিচালনা করেছেন প্রত্যয় খান। নাটকটি ঈদে রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
