ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটিতে দেশে আসা প্রবাসী কর্মীদের জন্য স্বস্তির খবর দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় (Ministry of Expatriates’ Welfare and Overseas Employment)। কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।
শনিবার (১৪ মার্চ) মন্ত্রণালয়ের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক বাংলাদেশি কর্মী ছুটিতে দেশে এসে পড়েছেন এবং তাদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে অথবা শিগগিরই শেষ হওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় সংশ্লিষ্ট দেশগুলো প্রবাসী কর্মীদের সুবিধার্থে কিছু বিশেষ পদক্ষেপ নিয়েছে।
মন্ত্রণালয় জানায়, সৌদি আরব (Saudi Arabia), কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।
এছাড়া কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (United Arab Emirates) সরকার ইতোমধ্যে যেসব কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা শেষ হওয়ার পথে রয়েছে, সেসব ভিসার মেয়াদ এক মাস পর্যন্ত বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্যই এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
